২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মাঠে পড়েছিল কিশোরের রক্তাক্ত লাশ

পুলিশ জানায়, মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়ায় মাঠে পড়েছিল কিশোরের রক্তাক্ত লাশ

বগুড়া সদর থানা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 03:34 PM

Updated : 23 Jan 2024, 03:44 PM

বগুড়া সদর উপজেলায় একটি মাঠ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বারপুর উত্তরপাড়া মাদারতলায় এক জমির পাশে খোলা মাঠে মরদেহটি পাওয়া যায় বলে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান।

নিহত তাজবীর ইসলাম (১৫) ওই উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি একটি গ্রিল ওয়ার্কশপের দোকানে কাজ করতেন।

নিহতের দুলাভাই শহিদুল বলেন, “সন্ধ্যায় কাজ শেষে ওয়ার্কশপ থেকে সাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি তানবীর। রাতে বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নেওয়া হয়। পরে সকালে তার লাশ পাওয়া যায়। কিন্তু তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি।“

ওয়ার্কশপের মালিক রফিকুল ইসলাম বলেন, “দুই বছর ধরে তাজবীর আমার এখানে কাজ করছিল। সে সন্ধ্যায় কাজ করে সাইকেল নিয়ে বাড়ি যায়। পরে রাত ১টার দিকে তার মা ফোন দিয়ে জানান তাজবীর এখনও বাড়ি ফেরেনি।”

ওসি সাইহান বলেন, সকাল ১০টায় ওই মাঠে একজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।