বন্ধ থাকা শ্রমবাজার চালু করতে কাজ চলছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
“নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ শিগগির চালু হবে।”
বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “স্পেনে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সেই সঙ্গে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ শিগগির চালু হবে।”
আরিফুল হক বলেন, “আগামী ১৮০ দিনের পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিক-নির্দেশনা দিয়েছেন, কিভাবে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ যেসব জায়গায় শ্রমবাজার বন্ধ আছে তা পুনরায় চালু করা যায়, আমরা সেভাবে কাজ করছি। আগামী মাসের মধ্যে অগ্রগতি দেখতে পারবেন।”
সভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটির প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “জনগণের কাজ আমাদেরকে ঠিকমত করতেই হবে। বিগত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রশাসনের একাংশ সহযোগিতা করেছে- এমন চিত্র আর দেখতে চাই না।”
তিনি বলেন, “আমরা জনগণের কাজ করার জন্য দায়িত্ব পেয়েছি। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যার যে দায়িত্ব আছে, তা বিশেষ গুরুত্ব দিয়ে সঠিকভাবে পালন করতে হবে।”
