হৃদরোগে আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
পঙ্কজ সরকার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত পঙ্কজ সরকার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়।
রোববার বিকালে নিজের বাড়িতেই তার মৃত্যু হয় বলে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ রেজা জানান।
পঙ্কজের সহপাঠী সোহাগ বলেন, “ক্লাস শুরুর পর সে কয়েকদিন ক্যাম্পাসে ছিল। তারপর হার্টের সমস্যার কারণে সে বাড়িতে চলে যায়।
“পরে চিকিৎসার জন্য সে ভারতের বেঙ্গালুরুতে যায়। চিকিৎসা শেষে আবার ক্যাম্পাসে এসে আমাদের কাছে সহযোগিতার কথা বলেছিল। কিন্তু আমরা সহযোগিতা করার সময়ও পেলাম না।”
অধ্যাপক মাসুদ রেজা বলেন, “পঙ্কজের ভাইয়ের সঙ্গে কথা বলে জেনেছি, সে রক্তশূন্যতা, হৃদরোগ, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। এসব রোগের জটিলতায় তার মৃত্যু হয়েছে।”
