১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

পুলিশ জানায়, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের
প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 01:04 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন।

উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড সংলগ্ন তারাসিমা গার্মেন্টসের সামনে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস জানিয়েছেন।

নিহত ৩৫ বছর বয়সী রফিক শেখ মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ এলাকার মৃত খুদি শেখের ছেলে।

ওসি বলেন, “ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক রফিক শেখ নিহত হন।”

এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সেলফি পরিবহনের আহত যাত্রী নয়ন শিকদার বলেছেন, ট্রাক আর বাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আর তিনিসহ অন্তত ৯-১০ জন আহত হয়েছেন।