২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকচাপায় চালকসহ প্রাইভেট কারের দুজন নিহত

একজন ঘটনাস্থলেই ও ঢাকায় পাঠানোর পথে আরেকজন মারা যান।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 11:25 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় চালকসহ প্রাইভেট কারে থাকা দুজন নিহত হ‌য়ে‌ছেন। 

শুক্রবার সকালে বগুড়া-নাটোর সড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান।

নিহতরা হ‌লেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কার চালক মিনহাজ উদ্দিন (৩৫) ও একই জেলার আশরাফুল ইসলাম। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিনহাজ রাজশাহী থেকে প্রাইভেট কার চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে‌ নাটোরগামী একটি ট্রাক কারটিকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে কার চালক মিনহাজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন কারে থাকা আশরাফুল ইসলাম। 

প‌রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য এসে আশরাফুলকে উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠান। 

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প‌থে আশরাফু‌লও মারা যান।

ওসি আব্বাস আলী বলেন, “দুজনের লাশ আইনি প্রক্রিয়া শে‌ষে স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় হাইও‌য়ে পু‌লিশ বাদী হ‌য়ে মামলা ক‌রে‌ছে।”