সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পেলেন ১০০ প্রবাসী
বিশ্বের ১১টি দেশে বসবাসরত এ জেলার ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।
রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার একশ প্রবাসীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
‘প্রবাসী সম্মাননা-২০২৫’ উপলক্ষে শনিবার সকালে নগরের ক্বীন ব্রিজ এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে কবি নজরুল অডিটরিয়ামে প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব আব্দুল নাসের খান বলেন, “প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার।”
তিনি বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তাসহ সকল ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন আব্দুল নাসের খান।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদনের আহ্বান জানায়। পরে ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।
যেসব ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়- সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছিল।
সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে বসবাসরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। যার মধ্য থেকে একশ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়।
সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
