Published : 23 Jul 2026, 10:13 PM
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি একটি পরিবার প্রাইভেট কার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়ের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাবা ও আরও এক ছেলে। তারা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন বলে জানান স্বজনরা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টার পর দেশটির রাজধানী রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে এ ঘটনায় ঘটে বলে সৌদিতে থাকা নিহতের স্বজনরা জানিয়েছেন।
নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। তানিয়া ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তানিয়ার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৌরব এলাকায়।
আহতরা হলেন- তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং শফিকুলের বড় ছেলে নাবিল। সৌদি আরবে কোম্পানিতে চাকরি করা খোকন দেশটিতে পরিবার নিয়ে বসবাস করেন।
তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, “আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ সকালে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। দুইজন মারাত্মক আহত হয়েছেন।”
তানিয়ার ভাই তৌহিদ মুরাদ বলেন, “আমার বোন, দুলাভাই তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পেছন থেকে বড় কোন গাড়ি দেয়।
“ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হন। ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।”
বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তৌহিদ মুরাদ।