ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে দিল বিএসএফ
দুই মাসে তিন দফায় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ ৬১ জনকে ‘পুশ ইন’ করেছে বলে জানায় বিজিবি।
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে তিনজন শিশু, সাত নারী ও একজন পুরুষ।
বুধবার মধ্যরাতে উপজেলার যশপুর সীমান্তের মটুয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি ফেনী-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটকরা হলেন- নড়াইলের কালিয়া থানার খরলিয়া যাদবপুর এলাকার মো. রাসেল হাসান শেখ (৩৩), শ্যামলী খাতুন (৩৫), একই জেলার পলিডাঙ্গা গ্রামের সোনালী (৩২), যশোর সদর উপজেলার কালিয়া ইউনিয়নের পেরুলিয়া গ্রামের হোসনে আরা (৪০), একই জেলার নোয়াপাড়া থানার আমতলা নাওলি গ্রামের সালমা (৪৫) ও তার বোন মিনা (৪২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর কাতপুর এলাকার হাসিনারা বেগম (৬০) এবং একই এলাকার সেলিনা বেগম (৪৫) ও তার ১১, ৯ ও ৭ বছর বয়সি তিন ছেলে।
বিজিবি জানায়, রাত ২টার দিকে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভরতের মাধবনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১১ বাংলাদেশিকে ‘পুশ ইন’ করেন। এ সময় বিজিবির টহল দল রাতেই তাদের আটক করেন। পরে তাদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাওয়া যায়।
আটকদের কাছে পাওয়া তথ্যের বরাতে বিজিবি জানায়, দালালের মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তারা যশোর বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।
লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, আটক ১১ জনের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি প্রতিবাদ লিপি পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত এবং পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক ১১ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। সেখানে তাদের জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গেল দুই মাসে তিন দফায় ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে ৬১ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ। এদের মধ্যে ৩০ মে ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১৩ জন ও ১৯ জুন একই সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ‘পুশ ইন’ করা হয়। এর আগে ২২ মে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৭ জনকে ‘পুশ ইন’ করিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী।
