২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দম্পতির ‘আত্মহত্যা’

প্রতিবেশীরা জানান, আগের বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন সৌদি ফেরত যুবক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 07:05 PM

Updated : 17 Oct 2023, 07:07 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার র‌্যালি আবাসিক এলাকা থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার রাত ১০টার দিকে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের র‌্যালি আবাসিক এলাকার চৌধুরীবাড়ী থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম জানান।

নিহতরা হলেন- ওই এলাকার মো. কাওসার (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার (১৮)।

পরিদর্শক রেজাউল করিম জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন।

নিহতদের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, সৌদি থাকা অবস্থায় কাওসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় শরীয়তপুর জেলার মেয়ে ঝর্ণার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে এক মাসও হয়নি ঝর্ণাকে বিয়ে করেন কাওসার।

প্রতিবেশীরা জানান, কাওসার এর আগে বিয়ে করেছিলেন; তার একটি সন্তানও আছে। বিষয়টি তিনি ঝর্ণার কাছে গোপন করেন।

এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

প্রতিবেশীদের বরাত দিয়ে পরিদর্শক রেজাউল জানান, সোমবার রাতেও একই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝর্ণা রাগ করে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্ত্রীকে ঝুলতে দেখে অন্য ঘরে ঢুকে একই কাজ করেন কাওসার।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল করিম।