যশোরে গোয়াল ঘরের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, নিহতের পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলায় একটি গোয়াল ঘরের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিজিবি ক্যাম্পের পাশে মরদেহটি পাওয়া যায় বলে জানান শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম।
নিহত নজরুল ইসলাম নজু (৫০) ওই উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাত ওসি আকিকুল ইসলাম বলেন, নজরুল ইসলামের মরদেহটি ওই এলাকার একটি বাড়ির গোয়াল ঘরের পাশে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, “নিহতের পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গোয়াল ঘরে পাশে রেখে দেওয়া হয়।”
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
