হবিগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৩৫
দুই পক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডা সংঘর্ষে গড়িয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েন হাটীতে এ সংঘর্ষ হয় বলে আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান।
আহতদের মধ্যে আহত তিনজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ঈদের দিন গরুকে ঘাস খাওয়ানো নিয়ে পশ্চিমভাগ গ্রামের গয়েন হাটীর সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়।
“দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে একটি মাঠে দুই পক্ষের শিশু-কিশোররা ফুটবল খেলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার মধ্যে আবার তর্ক বাধে।”
এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী ও বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
