২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার তিন

ঘটনাস্থল থেকে শরীফ বেপারী ও মিঠু নামের দুজনকে স্বজনরা ধরে ফেললেও লোক লজ্জার ভয়ে তাদেরকে ছেড়ে দেন মেয়েটির বাবা।

রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার তিন

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 10:41 PM

Updated : 24 Aug 2022, 10:41 PM

রাজবাড়ীর গোয়ালন্দে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার রাতে এই ঘটনা ঘটলেও মামলা হয় মঙ্গলবার রাতে। এরপর বিষয়টি জানাজানি হয়।

গ্রেপ্তাররা হলেন গোয়ালন্দ বাজার আরৎপট্টির মো. লাল মিয়া বেপারীর ছেলে মো. সজল বেপারী ওরফে শরীফ বেপারী (২৮), গোয়ালন্দ বাজার ঘোষপট্টির আলতাফ ডাক্তারের ছেলে মিঠু (৩৮), উপজেলার উত্তর উজানচর নতুন পাড়ার প্রয়াত তোতা শেখের ছেলে মো. আলামিন শেখ (২৮)।

মামলার বরাতে ওসি স্বপন কুমার মজুমজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরীর বাবা শনিবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখেন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ঘরে নেই। তখন তিনি তার স্বজনদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে দৌলতদিয়া ঘাটগামী রেললাইন ব্রিজের পাশে পাঠকাঠির স্তূপ থেকে কয়েকজন বের হয়ে চলে যেতে দেখেন। সেখানে গিয়ে ওই কিশোরীর বাবা মেয়েকে নগ্ন অবস্থায় দেখতে পান।

এ সময় ওই কিশোরীর স্বজনেরা ঘটনাস্থল থেকে শরীফ বেপারী ও মিঠুকে ধরে ফেলেন। এ সময় শরীফ বেপারী ও মিঠু বাদীর কাছে ক্ষমা চাইলে লোক লজ্জার ভয়ে তাদের ছেড়ে দেন।

পরদিন রোববার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাদেরকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে যেতে বলেন। কিন্তু তারা অর্থাভাবে হাসপাতালে যেতে পারেননি। পরে মঙ্গলবার স্বজনদের পরামর্শে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান তারা।

ইউএনও তাৎক্ষণিক গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ওই রাতেই চারজনসহ অজ্ঞাত পরিচয়ের আরও দুজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।

ওসি স্বপন কুমার মজুমদার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।