ফেনীতে ইলিশ রক্ষায় মাছ-জাল-নৌকা জব্দ, ৫ জেলের কারাদণ্ড
গত ৬ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা আছে।
ফেনীর সোনাগাজীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ-জাল ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বড় ফেনী নদীর মুহুরি প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় অভিযান চলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুর এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
দণ্ড পাওয়া পাঁচ জেলে হলেন মো. সোহাগ (৩০), মো. স্বপন (২৫), মো. কোরবান আলী (১৮), মো. মোস্তফা মিয়া (৩০) এবং হাসান মিয়া (২৮)।
তারা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকার বাসিন্দা।
এ সময় জেলেদের থেকে ৫০ কেজি মাছ, তিন হাজার মিটার অবৈধ জাল এবং মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, আটক জেলেদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, “জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। নৌকা দুটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।”
দণ্ডপ্রাপ্ত জেলেদের সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, মেরিন ফিশারিজ খাইরুল বাশারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে ছিলেন।
মাছের উৎপাদন বাড়াতে ও মা ইলিশ রক্ষায় গত ৬ অক্টোবর রাত ১২টা থেকে টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা দেয় সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
