দিনাজপুরের কেন্দ্রীয় টার্মিনালে রাখা বাসে অগ্নিসংযোগ
কেউ হতাহত না হলেও বাসের ভেতরের অংশ প্রায় পুরোটাই পুড়ে গেছে।
দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বাসের ভেতরের অংশ প্রায় পুরোটাই পুড়ে গেছে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সোমবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে বাসটিতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন।
তিনি জানান, এইচ এ প্লাস নামের বাসটি শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করা অবস্থায় ছিল। বাসের দরজা জানালাও বন্ধ করা ছিল।
“গভীর রাতে দুর্বৃত্তরা বাসটির ভিতরে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় থাকা টহল পুলিশ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
“ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে বাসের ভিতরের পুরো অংশ পুড়ে যায়।”
ওসি ফরিদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অবরোধকারীদের নাশকতা। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
