ময়মনসিংহে রেললাইনের ‘৪০ ক্লিপ খুলল দুই যুবক’
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার জানান, লোক পাঠিয়ে তাৎক্ষণিক ক্লিপগুলো লাইনে লাগানো হয়।
ময়মনসিংহে রেললাইন থেকে অন্তত ৪০টি ক্লিপ খুলে ফেলার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার রেলপথে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই শহিদুল ইসলাম জানান।
এ ঘটনায় অপু হাসান (৪০) নামে এক যুবককে আটক করা গেলেও অন্য জন পালিয়ে গেছেন। অপু বিশ্ববিদ্যালয়টির শেষ মোড় এলাকার বাসিন্দা।
এসআই শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাতে রেললাইনে হাঁটার সময় দেখতে পান, দু'জন লোক লাইনের ক্লিপ খুলছেন। শিক্ষার্থীরা এগিয়ে গেলে একজন দৌড়ে পালিয়ে যান। শিক্ষার্থীরা অপুকে আটক করে রেলওয়ে থানায় খবর দেন।
এসআই শহিদুল আরও বলেন, “আটক অপুর বিরুদ্ধে মাদক, চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, “খুলে নেওয়া ক্লিপগুলো ৫ মিনিটের মধ্যে লাইনে লাগানো হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”
