২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে থানায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুই জন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 03:10 PM

Updated : 12 Aug 2023, 03:10 PM

ঠাকুরগাঁও সদরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাদেরকে চোর চক্রের সদস্য বলছে পুলিশ।

শনিবার ভোরে শহরের গোবিন্দনগরের ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির জানান।

গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁও শহরের মুসলিমনগর এলাকার আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলম (২৭) ও মুন্সিপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম তাসিন (২২)।

ওসি ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক হামিদুর রহমান শহরের একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করতে যান। এ সময় ওই ক্লিনিকের নিচে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন তিনি।

“পরে সুযোগ বুঝে চোর চক্র তালা ভেঙ্গে মোটরসাইকেলটি নিয়ে যায়। অপারেশন শেষ করে হামিদুর নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিক বিষয়টি থানায় অবহিত করা হলে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ।”

ওসি আরও বলেন, শনিবার ভোররাতে গোপন খবর পেয়ে শহরের ইক্ষুখামার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় আলম ও মাসুদকে।

তাদের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে থানায় নয়টি মামলা রয়েছে বলে তিনি জানান।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন একটি মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফিরোজ।