১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ছাদে ‘ছবি তোলার সময়’ ২ যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ছাদে ‘ছবি তোলার সময়’ ২ যুবকের মৃত্যু
সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে দাঁড়িয়ে মোবাইলে ছবি বা ভিডিও তুলছেন কয়েকজন যুবক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার এসআই শোভন নাথ। 

নিহতরা হলেন, কুমিল্লা দেবিদ্বার বাইরা ভাহুরা এলাকার আব্দুর করিম মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরকুইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. তারেক মিয়া (২৫)।

এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এসআই শোভন নাথ বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাড়ায়। 

“এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিশ লাইনের তারে পেঁচিয়ে তিন জন ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথেতারেক মিয়ার মৃত্যু হয়।”

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনার পর সংগৃহীত একটি ভিডিওতে দেখা যায় চলন্ত ট্রেনের ছাদের উপর কয়েকজন যুবক মোবাইলে ছবি অথবা ভিডিও করছিল। এ অবস্থায় তারা রেললাইনের উপরে থাকা ডিশ লাইনের তারে লেগে ছাদ থেকে ছিটকে নীচে পড়ে যায়।”

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।