২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসব শুরু ২৭ জুলাই

উৎসবের পর্দা উঠবে ২৭ জুলাই বেলা ১২টায় ক্যাম্পাসের গোলচত্বরে কেক কেটে ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে।

থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসব শুরু ২৭ জুলাই

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে থিয়েটার সাস্ট।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 06:36 PM

Updated : 16 Jul 2023, 06:36 PM

‘পঁচিশেও অনিবার্ণ, নাটকের জয়গান’ স্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংগঠনটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, আগামী ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘রজতজয়ন্তী উৎসব’ আয়োজন করা হয়েছে। এ উৎসবে আনন্দ শোভাযাত্রা, অ্যালামনাই ঘোষণা, নিজস্ব মঞ্চ নাটক, দেশের বিখ্যাত নাট্যদলের নাটকের প্রদর্শনী ও পুনর্মিলনীসহ নানা কর্মসূচির আয়োজন রাখা হয়েছে।’

উৎসবের পর্দা উঠবে ২৭ জুলাই বেলা ১২টায় ক্যাম্পাসের গোলচত্বরে কেক কেটে ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে থাকবে ‘থিয়েটার সাস্টের’ মৌলিক প্রযোজনা নাটকের প্রদর্শনী।

উৎসবের দ্বিতীয় দিন ২৮ জুলাই থিয়েটার সাস্টের প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতি সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে বিশেষ পুনর্মিলনী, সংগঠনের অ্যালামনাই ঘোষণা এবং আনন্দযোগ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের তৃতীয় দিন ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমন্ত্রিত অতিথি হিসেবে সম্প্রতি সাড়া জাগানো ‘কহে ফেসবুক’ নাটকটি মঞ্চস্থ করবেন দেশের প্রখ্যাত ‘আরণ্যক নাট্যদল’।

অনুষ্ঠান সমাপ্তির দিন ৩০ জুলাই একই সময়-স্থানে ‘মণিপুরী থিয়েটার’ ও ‘জলমঞ্চের’ যৌথ প্রযোজনার সাড়া জাগানো নাটক ‘হ্যাপি ডেইজ’ মঞ্চস্থ করা হবে।

এই রজতজয়ন্তী উৎসবের বিভিন্ন দিনে শাবিসহ সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

সংগঠনের সভাপতি মিঠু জানান, প্রতিষ্ঠার ২৫ বছরে ‘থিয়েটার সাস্ট’ মোট ৩৭টি প্রযোজনার মাধ্যমে ১৩১টি সফল নাট্য প্রদর্শনী ও একটি যাত্রাপালাসহ সাতটি সফল নাট্য উৎসব করেছে।

সংবাদ সম্মেলনে থিয়েটার সাস্টের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।