২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পাবনায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের
সড়ক দুর্ঘটনায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 05:31 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

পাবনার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে; এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কে উপজেলার ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান।

নিহতরা হলেন- বেড়া পৌরসভার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার ও  মেয়ে শম্পা রানী হালদার। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রওশন বলেন, অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে আসছিল। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে অটোরিকশার সাতজন যাত্রী গুরুতর আহত হন।

“পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রদীপ ও শম্পার মৃত্যু হয়। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, তারা সবাই বেড়া থেকে পাবনা শহরে কনে দেখার উদ্দেশে আসছিল।