২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ-২: মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ৩ বিএনপি নেতার মিছিল

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু বলেন, “আমরা পাঁচ প্রার্থী একত্রিত হয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তারেক রহমানের কাছে আবেদন করছি।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

গোপালগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তিন বিএনপি নেতার সমর্থকরা একসঙ্গে মিছিল করেছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের গেইটপাড়া সড়ক ভবনের সামনে থেকে মোটরসাইকেল ও যানবাহন নিয়ে দীর্ঘ মিছিল করেন তারা। 

এ সময় সমর্থকরা যেসব ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন তাতে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার নুরুজ্জামানের নাম দেখা গেছে। 

কিন্তু মিছিলে পাঁচ নেতা উপস্থিত ছিলেন না; ছিলেন তিনজন। তারা হলেন- এম এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ ও তৌহিদুর রহমান তাজ। 

৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৮ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। গোপালগঞ্জ-২ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর আলীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। 

প্রার্থী ঘোষণার ২৪ দিন পর মনোনয়ন বঞ্চিতরা এই মিছিল করলেন। মিছিলে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল, ২৫-৩০টি মাইক্রোবাস এবং কয়েকটি ট্রাকে করে নেতাকর্মীরা অংশ নেন। 

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু বলেন, “আমরা পাঁচ প্রার্থী একত্রিত হয়ে গোপালগঞ্জ-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য তারেক রহমানের কাছে আবেদন করছি। প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ডা. বাবর জনবিচ্ছিন্ন ও অজনপ্রিয় প্রার্থী। তার পক্ষে ধানের শীষের বিজয় আনা সম্ভব নয়। আমাদের পাঁচজনের মধ্যে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করব।”

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আমাদের রক্ত ও ত্যাগের ভিত্তিতেই গোপালগঞ্জে বিএনপি টিকে আছে। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার নামে একটি মামলাও নেই। কিন্তু আমরা বছরের পর বছর ঘরছাড়া হয়ে দিন কাটিয়েছি। মনোনয়ন পুনর্বিবেচনা করে পাঁচজনের মধ্যে যাকে দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করব।”

আরেক প্রার্থী তৌহিদুর রহমান তাজ বলেন, “গোপালগঞ্জ-২ আসনে আমরা ছয়জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ঘোষিত প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত নয়; বিভিন্ন জেলায় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। যার নাম ঘোষিত হয়েছে তাকে কেন্দ্র করে নেতাকর্মীদের হতাশা তৈরি হয়েছে। ওই প্রার্থী বাদে অন্য যেকোনো প্রার্থীকে মনোনয়ন দিলে গোপালগঞ্জে জাতীয়তাবাদী ভিত্তি আরও শক্তিশালী হবে।”

মিছিলে প্রার্থীরা জানান, দলের প্রতি আস্থা রেখেই তারা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন এবং দলের সিদ্ধান্তের প্রতি তারা সম্মান দেখাবেন।