প্রধানমন্ত্রীর কাজের বিশালতায় দেশে কোনো ঘাটতি নেই: শিক্ষামন্ত্রী
দীপু মনি বলেন, “শেখ হাসিনা হলেন উন্নয়নের মূল ধারার বাতিঘর।”
প্রধানমন্ত্রীর কাজের বিশালতায়, সুদূরপ্রসারী প্রভাবে দেশে আজ কোনো কিছুতে ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, “শেখ হাসিনা উন্নয়নের কারিগর। তার নেতৃত্বে নারী উন্নয়নে, খাদ্য উৎপাদনে, জলবায়ু পরিবর্তনসহ যেকোনো বিপর্যয় মোকাবিলায় আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। দেশে আজ কোনো কিছুতে ঘাটতি নেই।”
শুক্রবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর যুগপূর্তি মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শেখ হাসিনা এবং উন্নয়ন একাকার হয়ে গেছে মন্তব্য করে দীপু মনি বলেন, “শেখ হাসিনা হলেন উন্নয়নের মূল ধারার বাতিঘর। শেখ হাসিনার কাজের যে বিশালত্ব, যে গভীরতা, তার কাজের যে বিশ্বময়তা, যে সুদূরপ্রসারী প্রভাব এবং ইতিহাসের ওপর তার যে প্রভাব, তা দিয়ে আজকে শেখ হাসিনা আর বাংলাদেশ একাকার হয়ে গেছে।”
দেশ যেভাবে উন্নয়নের গতিতে এগিয়ে যাচ্ছে সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।
সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আ ন ম শামীম হাসান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক নাছরিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
