নেত্রকোণায় নিহত নারীর পাশে পাওয়া শিশুর পরিচয় খুঁজছে পুলিশ
পাঁচ দিন আগে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নারীর লাশ ও এক জীবিত শিশুকে উদ্ধার করে পুলিশ।
নেত্রকোণার পূর্বধলায় সড়কের পাশ থেকে উদ্ধার আনুমানিক ৩০ বছরের এক নারীর রক্তাক্ত মৃতদেহ ও দুই বছরের জীবিত এক শিশুর পরিচয় খুঁজছে পুলিশ।
ঘটনার পাঁচ দিন পর ওই নারীর হত্যার রহস্য উদ্ঘাটন ও তাদের পরিচয় খুঁজতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা পুলিশ।
এর আগে বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের সড়কের পাশ থেকে ওই নারী ও শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
তিনি বলেন, ওই নারীর পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য খুঁজে বের করতে জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিককে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি কাজ শুরু করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এর আগে লাশ উদ্ধারের পর ওই নারীর সুরতহাল প্রতিবেদনসহ ডিএনএ নমুনা ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে থানায় হত্যা মামলা করেছে পুলিশ। পিবিআই ও সিআইডি কাজ করছে।
ওই নারীর পরিচয় জানতে দেশের সব থানায় বার্তা ও ছবি পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ নেত্রকোণা, শ্যামগঞ্জ ও ময়মনসিংহের বাস, অটোরিক্সা স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ওই নারীর সঙ্গে থাকা শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। তার পরিচর্যা করতে সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
সোমবার নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে করছেন বলে জানান তিনি।
এর আগে বুধবার ভোরে উপজেলার কাছিয়াকান্দা গ্রামের একটি মাটির সড়কের ওপর আনুমানিক ৩০ বছর বয়সি অজ্ঞাত পরিচয় এক নারী ও তার পাশে এক শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে তাদের উদ্ধার করে পূর্বধলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন; আর শিশুটি জীবিত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
আরও পড়ুন:
