লেবাননে বাংলাদেশি নারীর লাশ ফেরাতে কাজ চলছে: প্রতিমন্ত্রী
বুধবার বৈরুতে বিমান হামলায় নিহত হন ফরিদপুরের দীপালী আক্তার।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারীর মরদেহ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার বিকালে নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বুধবার বৈরুতে বিমান হামলায় নিহত হন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শালেপুর এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে দীপালী আক্তার। সেখানে একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।
দিপালীর শোকাহত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে নিরাপত্তার সঙ্গে লাশটি ফিরিয়ে আনা যায়। সেদেশে এখন যুদ্ধাবস্থা চলছে। যে কারণে বিমান চলাচল স্বাভাবিক নেই। তার পরেও মরদেহটি দ্রুত আনার বিষয়ে কথা চলছে।”
তিনি বলেন, “ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আট বাংলাদেশি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হাড়ছে। এরই মধ্যে কিছু নাগরিককে দেশে আনা হয়েছে।”
আরও পড়ুন:
