১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গৃহকর্মীর কাজ নিয়ে ২ বছর আগে লেবাননে যান ফরিদপুরের দিপালী

লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় মারা যান তিনি।

গৃহকর্মীর কাজ নিয়ে ২ বছর আগে লেবাননে যান ফরিদপুরের দিপালী
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা দিপালী আক্তার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দিপালী আক্তার মারা গেছেন; যিনি দুই বছর আগে গৃহকর্মীর কাজ নিয়ে দেশটিতে যান।

বুধবার সন্ধ্যায় বোমা হামলায় গুরুতর আহত হন দিপালী। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্থানীয় একটি হাসপাতালে মারা যান বলে জানান স্বজনরা।

শুক্রবার এক শোকবার্তায় দিপালী মৃত্যুর খবর জানায় লেবাননে বাংলাদেশ দূতাবাস।

দিপালী চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। লেবাননে গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে একই হামলায় দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গিয়েছে।

দিপালীর ছোট বোন লাইজু বেগম বলেন, দুই ভাই ও তিন বোনের মধ্যে দিপালী ছিলেন চতুর্থ। ২০২৪ সালে গৃহকর্মী হিসেবে লেবাননে যান দিপালী। দিপালীর লাশ বৈরুতের রফিক হারিরী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। 

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। লাশ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।”

রেমিটেন্স যোদ্ধা দিপালীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। 

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত