আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপির লোককে তা করতে দিব না: ফখরুল
“আমরা রাজনীতি করে সম্পদ করিনি। আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না।”
আওয়ামী লীগ দখল-দুর্বৃত্তায়নসহ যে ধরনের কাজ করেছে তা বিএনপির কাউকে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের বাড়িঘর, জমি দখল করেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
“আমি আপনাদের স্পষ্ট একটা কথা বলতে চাই- আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত থাকে আমাকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ফখরুল বলেন, “আমরা এসব কখনোই এলাও করবো না। কারণ আওয়ামী লীগ যে কাজ করেছে আমার দলের কোনো লোককে তা করতে দিব না।”
রোববার দুপুরে সদর উপজেলার বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আপনারা সবাই আমাকে ও আমার বাপ-চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি। আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না।”
রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচন করেছিলো এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি। তারা ধর্মকে ব্যবহার করে।”
তিনি বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবেনা। মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে আমরা কাজ করেছি, আগামীতেও করবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আমরা এদেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবে না, সৎ কাজ করে মানুষের মন জয় করতে হবে।”
পরে তিনি ধানের শীষ মার্কায় ভোট চান ও সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থেকে বক্তব্য দেন।
