২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ-বিএনপি কার্যালয় ভাঙচুর

ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 08:13 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধ ও বিক্ষোভের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

এ সময় পুলিশের লাঠিপেটা, আন্দোলনকারীদের ইট-পাটকেল নিক্ষেপ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার বেলা ১২টার দিকে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। বিকালে জেলা বিএনপি কার্যালয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা শহরের কাজীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। 

এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি শটগানের ফাঁকা গুলি ছুড়ে এবং আন্দোলনকারীদের লাঠিপেটা করে। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমানসহ তিন পুলিশ সদস্য এবং শিক্ষাথী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে আরও সাতজন আহত হন। 

এ ঘটনার পর বেলা সাড়ে ১২টা পর্যন্ত সরিষাহাটির মোড়ে এবং বেলা ১টা পর্যন্ত মুক্তির মোড়ে প্রধান সড়ক অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

এসব ঘটনার পর বিকাল ৩টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। 

জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। 

এদিকে এ ঘটনার পর শহরের গুরত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। 

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, “আজকের সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।”