‘প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী’, গ্রেপ্তার ২
প্রেমিকের ডাকে দিনাজপুরের হিলি থেকে ওই কিশোরী জয়পুরহাটের পাঁচবিবিতে যান।
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোরে তাদের বগুড়া সদর উপজেলার বটতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের হাসনাইন হোসেন তমাল (২০) ও তার সহযোগী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের বায়েজিদ হোসেন (২৩)।
মামলার বরাতে সহকারী পুলিশ সুপার রফিকুল বলেন, “প্রেমের সম্পর্কের জেরে গত ২ অগাস্ট দিনাজপুরের হিলি থেকে ওই কিশোরী (১৭) তমালের ডাকে পাঁচবিবি পৌর পার্কে যান। সন্ধ্যার দিকে বায়েজিদের সহযোগিতায় তমাল ওই কিশোরীকে নিয়ে নওদাপাড়া গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যান।
“সেখানে ধর্ষণের এক পর্যায়ে ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেলেন; সকালে জ্ঞান ফিরলে তাকে কৌশলে হিলিগামী বাসে তুলে দেন তমাল। বাড়িতে ফিরে মেয়েটি পরিবারকে ঘটনাটি জানায়।”
পরে রোববার ওই কিশোরীর মা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তমাল ও বায়েজিদকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার জানান।
