লক্ষ্মীপুরে জাল টাকা রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
মতিনের ঘর থেকে ৫১টি ইয়াবা এবং ৫০০ টাকার ২৭৮টি জাল নোট উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরে জাল টাকা রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন চৌধুরী রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, মতিন ইয়াবা ও জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। ২০২১ সালের ১৮ এপ্রিল র্যাব-১১ বাড়ি থেকে মতিনকে গ্রেপ্তার করে। তখন তার ঘর থেকে ৫১টি ইয়াবা এবং ৫০০ টাকার জাল ২৭৮টি (১ লাখ ৩৯ হাজার টাকা) নোট উদ্ধার করা হয়।
মতিন নানা নামে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। ঢাকার মতিঝিল, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে। জাল টাকা ও ইয়াবা উদ্ধারের ঘটনার পরদিন র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের পরিদর্শক (ডিএডি) মো. বুরহান উদ্দিন বাদী হয়ে মতিনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ১৩ জুন তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার এসআই কেশব চন্দ্র চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আইনজীবী জানান, রায়ের আসামিকে যাবজ্জীবন ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
