যশোরে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা, স্ত্রী হেফাজতে
“তর্ক-বিতর্কের এক পর্যায়ে শেফালী লাঠি দিয়ে আরিফুরের মাথায় আঘাত করেন।”
যশোরের মনিরামপুরে এক ব্যক্তিতে তার স্ত্রী লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ৮০ বছর বয়সী আরিফুর রহমান মদনপুর গ্রামের লাল চাঁদ গাজীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হরিহরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুনছুর আলী বলেন, “আরিফুর রহমান প্রথম স্ত্রীর মৃত্যুর পর শেফালী বেগমকে বিয়ে করেন। স্থানীয়দের অভিযোগ, শেফালী বেগমের সঙ্গে প্রতিবেশী এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
“প্রায় দুই সপ্তাহ আগে আরিফুর স্ত্রীকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।”
তিনি বলেন, “সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে শেফালী লাঠি দিয়ে আরিফুরের মাথায় আঘাত করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে সে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।”
প্রতিবেশীদের দাবি, শেফালী বেগম প্রথমে স্বামীর মৃত্যুকে দুর্ঘটনা বলে জানান। তবে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আবু সাঈদ জানিয়েছেন।
