Published : 23 Nov 2023, 05:51 PM
টাঙ্গাইলের ঘাটাইল থানা হেফাজতে এক ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে পুলিশ তাকে বালির ট্রাকসহ আটক করে থানায় নিয়ে যায়; এরপর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে ঘাটাইল থানার ওসি লোকমান হোসাইন জানান।
ট্রাক চালক সুমন মিয়া (২৬) ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ওসি বলেন, “বালুভর্তি দুটি ডাম্পট্রাক আটক করে থানায় আনার পর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছিল। এ সময় চেয়ারে বসা ছিলেন ট্রাকচালক সুমন মিয়া। তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।
“এরপর তিনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ার পর পানি পান করেন। এর কিছুক্ষণ পর তিনি চেয়ার থেকে ঢলে পড়ে যান।
দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই ওই চালকের মৃত্যু হয়েছে।”
জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে সুমনের মরদেহ দেখতে পেয়েছেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ব্যাপারে ট্রাক চালকের পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।