Published : 11 May 2026, 03:09 PM
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সোমবার সকাল ৭টার দিকে তাকে সুন্দরবন থেকে লোকালয়ে উদ্ধার করে আনেন অন্য মৌয়ালরা।
এর আগে রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন তিনি।
আহত বাবলু গাজী (৪৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসকরা।
মৌয়াল ইমদাদুল বলেন, “মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সকালে পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান।
“এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।”
তিনি বলেন, “এ সময় মৌয়ালরা সবাই চিৎকার করতে করতে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি জঙ্গলের ভেতরে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করি।”
আহতের পিতা মালেক গাজী বলেন, “রোববার আমরা একসঙ্গে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। তবে আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।”
তিনি বলেন, “বাবলুর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে (সোমবার দুপুর দেড়টা) হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।”
মৌয়াল ইমদাদ হোসেন বলেন, “সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন বনজীবীরা।”
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “বন বিভাগ থেকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হলেও সুন্দরবনে মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে।”