গুলিতে নিহতের ১৪ দিন পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
নিহত ওই দুই যুবক গরু ব্যবসায়ী ছিলেন বলে জানান ইউপি সদস্য।
চুয়াডাঙ্গার দর্শনা থানার বারাদী সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ ১৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শনিবার সন্ধ্যায় দামুড়হুদার বারাদী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে ভারত মরদেহ দুটি ফেরত দেয় বলে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০)। তারা গরু ব্যবসায়ী ছিলেন।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি) আব্দুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর রাতে সাজেদুর ও মইনউদ্দিন বারাদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ওই রাতেই তারা ভারতের কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে মারা যান।
ওসি বিপ্লব কুমার জানান, বিকালে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৮২ মেইন পিলারের ২৬ সাব পিলারের কাছে পতাকা বৈঠকে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
সন্ধ্যায় হস্তান্তরের পর রাতে ওই দুই যুবকের মরদেহ ছয়ঘরিয়া গ্রামে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
