২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আরেক মামলায় আসামি হাসিনাসহ ৮০ জন

ওই মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, শামীম ওসমানদের আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 08:41 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় তিনি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৮০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাসচালক আবুল হোসেন মিজির (৩১) মা সাহিদা বেগম বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলাটি করেন বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান।

বাদী জানান, তার ছেলে বাসচালক আবুল হোসেন মিজি গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকায় যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আবুল হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলও রয়েছেন আসামির তালিকায়।

এছাড়াও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি বলে জানান ওসি নূরে আযম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কাচপুর পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগের লোকজনের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলে।

মামলার নথি থেকে জানা যায়, আবুল হোসেন মিজির গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। ঢাকার একটি পরিবহনের বাসচালক আবুল পরিবার নিয়ে নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় থাকতেন। গত ১৯ জুলাই দুপুরে ঢাকার সদরঘাটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন তিনি। সড়কে কোনো বড় যানবাহন না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগের লোকজন আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি ছুড়েন। একটি গুলি আবুল হোসেনের কোমরে এসে লাগে।

স্থানীয়রা তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল। পরদিন তাকে চাঁদপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয় বলে জানান তার মা সাহিদা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত নারায়ণগঞ্জের পাঁচটি থানায় ছয়টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: 

শিক্ষার্থী হত্যা মামলা: আসামি হাসিনা-কাদের-গাজীসহ ৪৫