ওসমানী হাসপাতালের বারান্দায় ২ প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
সিলেটে হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতায় একটি নবজাতক মারা গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসবের ঘটনা ঘটেছে; এর মধ্যে এক নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডের সামনের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতায় একটি নবজাতক মারা গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বৃহস্পতিবার রাতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, দুই প্রসূতি জরুরি অবস্থায় এসেছিলেন। তখন অন্য রোগীদের ভিড় থাকায় ভেতরে জরুরি অবস্থার বিষয়টি তারা জানাতে পারেননি। যে কক্ষে পরীক্ষা করা হয়, সেটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় বাইরের শব্দ ভেতরে যায়নি।
চিকিৎসক ও নার্সরা সেবা দেননি ভুক্তভোগীর এমন অভিযোগ সত্য নয় দাবি করে তিনি বলেন, “ঘটনাটি বুঝে ওঠার আগেই হয়ে গেছে। ভর্তি হওয়া প্রসূতির কেউ অভিযোগ করেননি। তারা বিষয়টি বুঝেছেন।
“এক প্রসূতি সময়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এজন্য শিশুটিকে বাঁচানো যায়নি, অন্য শিশু ভালো আছেন। দুই প্রসূতিও ভালো আছেন।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সুমি বেগম (১৯) এবং গোলাপগঞ্জের দক্ষিণ রামপাশা গ্রামের রতন চন্দ্র দাসের স্ত্রী সুপ্রিতা রানী দাস (২৫) হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুমি বেগমের সন্তান জন্মের পরই মারা গেছে।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দুই প্রসূতির প্রসব বেদনা উঠেছিল। তবে চিকিৎসক ও নার্সদের সহযোগিতা না পেয়ে পরে অন্যদের সহযোগিতায় তারা বারান্দায় সন্তান জন্ম দেন। এর মধ্যে এক নবজাতকের মৃত্যু হয়েছে।
সুমি বেগমের মা রাজিয়া বেগম সাংবাদিকদের বলেন, “বুধবার বেলা ৩টার দিকে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। তবে প্রসূতি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর জায়গা পাইনি। এ সময় মেয়ের প্রসববেদনা শুরু হলে ওয়ার্ডের ভেতরে যেতে চাইলে বাধা দেওয়া হয়।
“এক পর্যায়ে উপস্থিত অন্যরা ভেতরে নার্সদের খবর দিলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। পরে হাসপাতালের বারান্দাতেই অন্যদের সাহায্যে নবজাতকের জন্ম হয়। সন্তান প্রসবের পর ওয়ার্ডের নার্সরা আসেন। পরে মেয়েকে ওয়ার্ডের ভেতরে নেওয়া হয়।”
সময়ের আগে সন্তান প্রসব ও হাসপাতালের অসহযোগিতায় তার মেয়ের বাচ্চাটি মারা গেছে বলে দাবি রাজিয়া বেগমের।
তিনি বলেন, তার মেয়ের সন্তান প্রসব হওয়ার প্রায় ১০ মিনিট পর আরও এক প্রসূতির প্রসববেদনা ওঠে। তিনিও বারান্দায় একইভাবে সন্তান প্রসব করেন।
চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী বলেন, হাসপাতালের ধারণ ক্ষমতা ৯০০; তবে চিকিৎসাধীন আছেন প্রায় দুই হাজার ৮০০ রোগী। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি করা হয়। অনেক সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জন প্রসূতি ভর্তির জন্য আসেন।
প্রসূতিদের পরীক্ষার করার পর যেখানে ভর্তি করা হয়, সেই কক্ষে শয্যা মাত্র পাঁচটি। প্রসূতিদের অবস্থা দেখে সন্তান প্রসবের জন্য শয্যা দেওয়া হয়।
তবে বারান্দায় প্রসব করা নবজাতকের মধ্যে একজন মারা গেল ওই দুই প্রসূতি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান সৌমিত্র চক্রবর্তী।
