১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঈদের রাতে আতশবাজি ফোটানো নিয়ে সংঘর্ষে যশোরে নিহত ১

গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 01:03 AM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের পাগলাদহে ঈদের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকের এ ঘটনায় আহত আরও চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

নিহত যুবক নাম অলিদ (২৩) পাগলাদহের বাসিন্দা হৃদয় হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নিহত ও আহত হওয়ায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দায়ীদের শনাক্তের কাজ চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার পাগলাদহে এ ঘটনা ঘটে।

আতশবাজি ফোটানো নিয়ে মারামারির সূত্রপাতের বিষয়ে আহতদের একজন আপনের দাবি, তারা এলাকার বিরামপুর ব্রিজের উপর বাজি ফোটাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন আপন, রাশেদুল ও শামীম। এসময় সেখান দিয়ে যাচ্ছিলেন অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে কথা কাটাকাটি থেকে বিবাদের শুরু হয়। 

স্থানীয়রা বলেন, মারামারিতে বেশ কয়েকজন আহত ও ছুরিকাঘাত হন। তাদের মধ্যে ছিলেন অলিদ, আপন, রাশেদুল ও শামীম। খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করা হয়। 

এসময় স্থানীয়রা আহত আপন ও তার পিতা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক অলিদকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত রাশেদুলকে খুলনা মেডিকেলে স্থানান্তর করার তথ্য দিয়েছেন তারা।