‘মেয়েকে ধর্ষণের বিচার না পেয়ে’ আত্মহত্যায় ২ মামলা
ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অসহযোগিতার কথা মামলার এজাহারে বলা হয়।
পঞ্চগড়ের সদর উপজেলায় ‘মেয়েকে ধর্ষণের বিচার না পেয়ে’ বাবার আত্মহত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে।
শুক্রবার রাতে নিহতের ছেলে বাদী হয়ে মামলা দুটি করেন বলে সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান।
মামলায় বাদীর প্রতিবেশী পলাশ চন্দ্র বর্মণ (২৫) ও তার বাবা শ্যামল চন্দ্র বর্মণসহ (৪৬) চারজনকে আসামি করা হয়েছে।
অপর আসামিরা হলেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার পলাশের বন্ধু কাজল বর্মণ (২৩) এবং প্রতিবেশী ভবেন বর্মণ।
ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অসহযোগিতার কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার নথির বরাতে ওসি আব্দুল লতিফ জানান, ওই এলাকার কলেজ ছাত্রীকে (২১) প্রতিবেশী পলাশ বর্মণ প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে পলাশকে সর্তক করা হলেও কর্ণপাত করেনি সে।
গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই কলেজছাত্রী তার চাচাতো ভাইয়ের বাসা থেকে ফিরছিলেন। পথে পলাশ ও বন্ধু কাজল তার (কলেজছাত্রী) পথরোধ করে টেনে-হিঁচড়ে একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে কাজলের সহায়তায় পলাশ মেয়েটিকে ধর্ষণ করে।
মামলায় আরও বলা হয়, ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়কে জানানো হয়। ইউপি চেয়ারম্যান তিন/চারদিনের মধ্যে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। কিন্তু কালক্ষেপণ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ নিয়ে কলেজছাত্রীর পরিবারের সদস্যরা গত ২৪ জানুয়ারি ইউপি চেয়ারম্যানের বাসায় গেলে তিনি একটি লিখিত অভিযোগ দিতে বলেন।
লিখিত অভিযোগ পেয়ে ১ ফেব্রুয়ারি দুপুরে স্থানীয় ইউপিতে শালিসে বসার সময় দেন চেয়ারম্যান। কিন্তু বিবাদী পক্ষের লোকজন না আসায় শালিস বৈঠক আর বসেনি।
মামলার বাদী বলেন, “বাবাকেও হারালাম। বোনের ধর্ষণের বিচারও পেলাম না। বাবা ছিলেন আমাদের পরিবারের সব। বাবা না থাকায় এখন আমার উপর যেন আকাশ ভেঙে পড়েছে।”
ধর্ষিতার চাচা বলেন, “আমার ভাতিজিকে ধর্ষণের বিচার চাইতে গিয়ে ভাইকে হারাতে হলো। এখন এই পরিবারটিকে কে দেখবে? আমি ধর্ষকসহ এ ঘটনায় জড়িতদের বিচার চাই।”
ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, “তারা আমাকে অভিযোগ দিলে আমি ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে বসার জন্য উভয় পক্ষকে বলি। কিন্তু সেদিন কোনো পক্ষই আসেনি। এখানে আমার কোনো গাফিলতি ছিল না।”
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।
তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত ও তদারকি করছি। আসামিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”
আরও পড়ুন:
