২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, ভোগান্তি

ভবানীপুর এলাকায় ১২ দফা দাবিতে আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 09:38 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানজটে পরিবহন চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। 

রোববার দুপুর পৌনে ২টা থেকে তিন ঘণ্টা ধরে ভবানীপুর এলাকায় ১২ দফা দাবিতে আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিকালে সাংবাদিকদের বলেন, “শ্রমিকরা যেসব দাবিতে বিক্ষোভ করছিল- তার একটি হচ্ছে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসানের অপসারণ। বিকালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। বিকাল ৫টায় যানচলাচল শুরু হয়।”

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান, আইই সেকশনের আশরাফুল ইসলাম ও নছিমা আক্তার এবং কারখানার মেডিকেল সেকশনের চিকিৎসক নুসরাত শারমীন আসমার অপসারণ, হাজিরা বোনাস ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করা, রাত ৮টা পর্যন্ত কাজ করলে টিফিন বিল ২০ থেকে ৪০ টাকা করা, ছুটিতে হাজিরা বোনাস কাটা যাবে না, অর্জিত ছুটির টাকা প্রতি বছরের জানুয়ারি মাসে পরিশোধ করতে হবে, কারখানার ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের প্রয়োজন অনুযায়ী সব ধরনের প্রাপ্য ছুটি প্রদান করতে হবে, কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

শ্রমিকদের অভিযোগ, যেসব কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকদের গায়ে হাত তোলাসহ হয়রানি করে থাকেন। একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। যে শ্রমিক অভিযোগ করে উল্টো তাকে চাকরিচ্যুত করা হয়। 

এসব বিষয়ে জানতে চাইলে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা অর্যৌক্তিক, মিথ্যা ও বানোয়াট। বর্তমান পরিস্থিতিতে কি কোনো শ্রমিকের গায়ে হাত তুলা যায় “