অবসরে যাওয়া চালককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন ডিসি
অবসরে যাওয়া হাবিবুর রহমান প্রায় ৪০ বছর জেলা প্রশাসকের গাড়ি চালিয়েছেন।
অবসরোত্তর ছুটি-পিআরএলে যাওয়ার একদিন আগে বিদায় সংবর্ধনা দিয়ে দাপ্তরিক গাড়ি চালককে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন যশোরের ডিসি আজাহারুল ইসলাম।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মাহির দায়ান আমিন বলেন, যশোর জেলা পুলের গাড়িচালক হাবিবুর রহমান ১৯৮৫ সাল থেকে জেলা প্রশাসনে কর্মরত ছিলেন। প্রায় চার দশক ধরে তিনি জেলা প্রশাসকের গাড়ি চালিয়েছেন।
অবসরে যাওয়ার সময় এসেছে তার। বুধবার থেকে শুরু হয়েছে অবসরোত্তর ছুটি।
আগের দিন মঙ্গলবার জেলা প্রশাসন তাকে বিদায় সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়িতে যে আসনে সাধারণত জেলা প্রশাসক বসেন, সেখানে বসিয়ে ডিসি আজাহারুল ইসলাম নিজে চালকের আসনে বসে গাড়ি চালিয়ে হাবিবুর রহমানকে তার শহরের মিশনপাড়াস্থ বাড়িতে পৌঁছে দেন।
এ সময় হাবিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি।
আবেগাপ্লুত হাবিবুর রহমান বলেন, “চল্লিশ বছর ধরে আমি জেলা প্রশাসক স্যারদের গাড়ি চালিয়ে এসেছি। বিদায় বেলায় স্যার নিজে গাড়ি চালিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছেন। এতে পরিবার ও প্রতিবেশীদের কাছে আমার সম্মান বেড়েছে।”
হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনায় দেওয়া বক্তব্যে ডিসি আজাহারুল ইসলাম বলেন, “সততা ও নৈতিক আচরণের প্রশ্নে আপোষহীনতার যে দৃষ্টান্ত হাবিবুর রহমান স্থাপন করেছেন, তা সত্যিই বিরল।”
যশোর জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তি ও চাকরিজীবনে হাবিবুর রহমানের আদর্শ অনুসরণ করার অনুরোধ জানান ডিসি।
সহকারী কমিশনার মাহির দায়ান আমিন বলেন, “২০২২ সালে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত মো. হাবিবুর রহমান। দীর্ঘ চাকরিজীবনে নিজেকে সততা ও কর্মনিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।”
