শেরপুর সীমান্তে বর্ডার হাট স্থাপনে বাংলাদেশ-ভারত সভা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামে শূন্য রেখায় দুদেশের যৌথ সভা হয়।
শেরপুরের সীমান্তে বর্ডার হাট স্থাপনে ভারত ও বাংলাদেশের একটি যৌথ প্রতিনিধি দল স্থান পরিদর্শন ও যৌথ সভা করেছে।
বুধবার দুপুরে দুদেশের সীমান্তে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার খলচান্দা গ্রামে শূন্য রেখায় ওই যৌথ সভা হয়।
শেরপুরের জেলা প্রশাসন জানায়, ভারতের সঙ্গে যৌথ ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক পরিচালনা ও জোরদার করতে সরকার বর্ডার হাট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। এর ধারাবাহিকতায় প্রথমে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাব দেওয়া হলেও ভারতের পক্ষ থেকে তা নাকচ করা হয়। পরবর্তীতে নতুন করে ভারতের পক্ষ থেকে নাকুগাঁও স্থলবন্দর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিম দিকে পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্টে বর্ডার হাট স্থাপনের প্রস্তাব পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার ভারত ও বাংলাদেশের জেলা প্রশাসক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন দলে বাংলাদেশের পক্ষে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল হক, আতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন, নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনসহ শেরপুরের ১১ জন কর্মকর্তা।
ভারতের পক্ষে ছিলেন মেঘালয় রাজ্যের তোড়া জেলার ডেপুটি কমিশনার শ্রী জগদিশ চিলানী, ১০০ বিএসএফের কমান্ডেন্ট শ্রী অলয় কুমার তিউরী, এডিশনাল ডেপুটি কমিশনার শ্রী ডিবিজি মমিন, এডিশনাল পুলিশ সুপারেন্ট্যান্ট সুচিনাগ এমপিএস, এসিস্ট্যান্ট কমিশনার শ্রী সুমিত কুমার সিং, ব্লগ ডেভলপমেন্ট অফিসার শ্রী উত্তম তামু সিএইচ সাংমা, জেলা ফাংশনাল ম্যানেজার শ্রী সেন সেংগাং টি সাংমাসহ তোড় জেলার ১১ জন প্রশাসনিক কর্মকর্তা।
শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, “বর্ডার হাট স্থাপনের লক্ষ্যে বুধবার আমরা ভারত ও বাংলাদেশের জেলা প্রশাসক পর্যায়ের ১১ জন করে প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে যৌথ সভা করলাম। একইদিনে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন করলাম।
“আমরা এ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব।”
তিনি আরও বলেন, প্রস্তাবিত এই বর্ডার হাটটি স্থাপন করা হলে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধসহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
