২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় অটোরিকশা চালক আটক

একদিন আগে ঘরে ঢুকে ওই নারীকে হত্যার পর তার গলার হার ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।

খাগড়াছড়িতে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় অটোরিকশা চালক আটক
খাগড়াছড়ি পৌর শহরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক রাসেল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 12:26 AM

Updated : 26 Aug 2026, 11:04 AM

খাগড়াছড়ি পৌর শহরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

আটক মো. রাসেল (২২) পৌর শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই পাড়ায় চুমকি রানী দাশকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের স্বামী তপন কান্তি দাশ। 

মামলা এজাহার সূত্রে জানা গেছে, চুমকি রানীর ছেলে প্রান্ত দাশ প্রতিবেশী রাসেলের কাছে ধারের টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। এর কিছুক্ষণ পর ঘরে ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুমকি রানীকে হত্যায় সন্দেহভাজন হিসেবে রাসেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ঘটনার আগে চুমকি রানীর সঙ্গে কথা বলতে তাদের বাসায় গিয়েছিলেন রাসেল। সন্দেহভাজন আসামি হিসেবে রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

খাগড়াছড়ি পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, “এটি বিচ্ছিন্ন ও চুরির ঘটনা। ওই নারীর শরীরে থাকা স্বর্ণালংকার নিয়ে যেতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য নিছক অপপ্রচার চালানো হচ্ছে।”

বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘরে ঢুকে চুমকি রানীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার পর তার গলার হার ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।