বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান।
নিহত চয়ন রাজভর (৪০) উপজেলার তুলা রাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানান, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে চয়নের দীর্ঘদিন ধরে বিবাদ চালছিল। শুক্রবার তারাবির নামাজের পর দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়।
এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে চয়নসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চয়নকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় আহত চয়নের ভাই নয়ন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
শনিবার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
