সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
হত্যা মামলায় রাজ্জাকের পরিবারের আরও কয়েকজন সদস্যকে সন্দেহজনক হিসেবে রাখার কথা জানিয়েছে পুলিশ।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আবদুর রাজ্জাকের (৬৫) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন নিহতের ছেলে আসাদ আহমদকে আটক করে পুলিশ।
পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, পুলিশ আসাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।
দক্ষিণ সুরমা থানার এসআই আনোয়ারুল কামাল মামলাটি করেন। মামলায় রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় রাজ্জাকের পরিবারের আরও কয়েকজন সদস্যকে সন্দেহজনক হিসেবে রাখা হয়েছে।
আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আবদুর রাজ্জাক বাসার ছাদে হাঁটার জন্য উঠেছিলেন। পরে সকাল ৯টার দিকে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশকে জানানো হয়।
পুলিশ জানায়, আব্দুর রাজ্জাকের পেট ও বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া লাশের পাশ থেকে একটি ২২ ইঞ্চি ছুরি উদ্ধার করা হয়।
আবদুর রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সন্তানদের মধ্যে মাস দুয়েক আগে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারাও করে দেন তিনি। এরপর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। এর মধ্যে চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন।
গত বছরের ৫ অগাস্ট পরবর্তী সময় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পরিবার। মামলা থাকলেও তিনি নিজ বাড়িতেই অবস্থান করতেন।
