১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে নিজ বাসায় আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় ছেলে আটক

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাককে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।

সিলেটে নিজ বাসায় আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় ছেলে আটক
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় তার ছেলেকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক ব্যক্তির নাম আসাদ আহমদ।

সাইফুল ইসলাম বলেন, “নিহতের ছেলে আসাদকে জিজ্ঞাসাবাদে কিছু ক্লু পাওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদ চলছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাককে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। স্বজনরা কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এতে নিহতের ছেলেকে আসামি করা হবে।

এর আগে শুক্রবার সকালে নিজ বাসা থেকে আব্দুর রাজ্জাকের (৬৫) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। আবদুর রাজ্জাক ওই গ্রামের মৌলুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা ছাদে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে সিসিটিভি ফুটেজে কাউকে বাড়িতে প্রবেশ বা বের হতে দেখা যায়নি। এ ছাড়া প্রধান ফটক ছিল তালাবদ্ধ।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, “রাজ্জাককে খুন করা হয়েছে। আত্মহত্যা করলে নাড়িভুঁড়ি বের হবে কেন। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার পর থেকে পারিবারিক বিরোধসহ সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজ্জাকের ছেলেকে আটক করা হয়। 

সিলেটে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুনলাশ পড়েছিল বাসার ছাদে