Published : 31 Oct 2025, 07:43 PM
সিলেটে এক আওয়ামী লীগ নেতার বাসার ছাদের সিড়ির অংশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহত আবদুর রাজ্জাক (৬৫) ওই গ্রামের মৌলুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।
পরিবার ও স্থানীয়দের বরাতে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, "ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“দুই তলা বাড়ির ছাদের সিড়ির অংশেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাসার গেইটে তালা ছিল, পরিবারের লোকজনও বাসার ভেতরে ছিল। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।”
উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “রাজ্জাকের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ”
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।