ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ভেসে উঠলো স্কুলছাত্রীর লাশ, আটক গৃহশিক্ষক
মুন্সেফপাড়া বোর্ডিং মাঠের পুকুরে ছাত্রীর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় শিক্ষার্থীর গৃহশিক্ষককে আটক করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার মুন্সেফপাড়া বোর্ডিং মাঠের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক এমরানুল ইসলাম জানান।
নিহত স্কুলছাত্রী (১৭) জেলা শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে পরিবারের সঙ্গে শহরের মুন্সেফপাড়া এলাকার ভাড়া বাসায় থাকতো।
আটক গৃহশিক্ষক বায়েজিদ সরকার (২৬) জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুরের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজনদের বরাতে পরিদর্শক এমরানুল ইসলাম জানান, বায়েজিদ সরকার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তিন বছর ধরে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সূত্রে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ছাত্রী বিয়ের জন্য বায়েজিদকে চাপ দিচ্ছিল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“শনিবার রাত আড়াইটার দিকে স্কুলছাত্রী কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার মুন্সেফপাড়া বোডিং মাঠের পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে যায়। তখন বায়েজিদও সেখানে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”
গৃহশিক্ষক বায়েজিদের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে রাস্তায় দুজনকে একসঙ্গে দেখে ফেলে নিহতের পরিবারের সদস্যরা। এরপর থেকে স্কুলছাত্রী তার গৃহশিক্ষক বায়েজিদকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল।
গতকাল রাত আড়াইটার দিকে স্কুলছাত্রী বায়েজিদকে ফোনে বিয়ে করার কথা বলে। বায়েজিদ এ মুহূর্তে বিয়ে করতে পারবেন না বলে জানান। তখন ছাত্রী ফোনে বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলার পর বায়েজিদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক এমরানুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য বায়েজিদ সরকারকে আটক করা হয়েছে।
