২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পুলিশ জানায়, মোবারক হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 09:31 PM

Updated : 18 Jun 2023, 09:31 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলিতে এক কর্মী নিহতের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন।

গ্রেপ্তার কাজী মিজানুর রহমান মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।

নিহত মোবারক হোসেন বাবু (৪৮) ওই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবুল বেপারীর ছেলে। তাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মী বলে দাবি করা হচ্ছে।

পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, “মোবারক হোসেন হত্যা মামলার প্রধান আসামি কাজী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে চাঁদপুর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

এ ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মুসা গাজী, জুয়েল কবিরাজ, সাবিয়া বেগম, আনোয়ার শেখ, মোশারফ মিজি ও সাকিলা বেগম। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দ্বন্দ্বের জেরে মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়।

এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোবারক হোসেন। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের যুবলীগের সদস্য। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত মোবারকের ছেলে ইমরান ব্যাপারী ও আওয়ামী লীগ কর্মী জহির কবিরাজ।

আরও পড়ুন:

পুরনো খবর:

চাঁদপুরে আওয়ামী লীগের দুপক্ষে গোলাগুলি, মায়ার কর্মী নিহত