২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কিশোর-কিশোরীকে ‘অপহরণের চেষ্টা’, আটক ৫ তরুণ

আটক তরুণরা কিশোর গ্যাং হিসেবে সংগঠিত হচ্ছিল বলে পুলিশের ভাষ্য।

নরসিংদীতে কিশোর-কিশোরীকে ‘অপহরণের চেষ্টা’, আটক ৫ তরুণ

আটক পাঁচ তরুণ

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 10:30 PM

Updated : 29 Sep 2022, 10:30 PM

নরসিংদীর পলাশ উপজেলায় একটি পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে দুই কিশোর-কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ।

বুধবার উপজেলার ইছাখালী দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান।

আটকরা হলেন উপজেলার তামজিদ মিয়া (২১), মানিক মৃধা (২১), নাঈম মৃধা (২১), আফসার মিয়া (২১) ও তৈয়বুর করিম (১৮)।

এদের প্রথম চারজনের বাড়ি নরসিংদীর পলাশ ও অপরজনের বাড়ি পাশের শিবপুর উপজেলায়।

বৃহস্পতিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার এক কিশোর দাখিল পরীক্ষা শেষে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তার পরিচিত এক কিশোরীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই পাঁচ তরুণ তাদের ঘিরে ধরে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে তারা কিশোর-কিশোরীর কাছে থাকা কিছু টাকা, বই ও মোবাইল ফোন কেড়ে নেন।

“এ ছাড়া পাঁচ হাজার টাকা দাবি করে বলেন টাকা না দিলে জোর করে ওই দুইজনের আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন আরও বলেন, টাকা না পেয়ে কিশোরকে একটি মোটরসাইকেলে ও কিশোরীকে অটোরিকশায় তুলে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচরের দিকে নিয়ে যান তারা।

“ওই এলাকায় চেকপোস্টে ডিউটির সময় সন্দেহ হলে এসআই মো. আরিফ খান, কনস্টেবল মো. জাবেদ পারভেজ ও আল মামুনকে সঙ্গে নিয়ে পাঁচ তরুণকে আটক এবং দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “আটক পাঁচ তরুণের ব্যাপারে অনুসন্ধানে জানা যায় তারা কিশোর গ্যাং হিসেবে সংগঠিত হচ্ছিল। তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে প্রচুর অশ্লীল কনটেন্ট পাওয়া যায়।”

এ ঘটনায় উদ্ধা হওয়া কিশোরের বাবা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।