চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকার সোনা উদ্ধার, যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সোনার ওজন ৬০০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৪৮ লাখ ৫০ হাজার টাকা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে পাঁচটি সোনার বার উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার সকালে দর্শনা রেল স্টেশনের পাশে এ অভিযান চালানো হয় বলে মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার মোহাম্মদ সেলিম (৩৩) কুমিল্লার হোমনা থানার নিলুখী গ্রামের রওশন আলীর ছেলে।
সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, নিজস্ব গোয়েন্দা সংবাদে জানা যায়, একজন ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবেন।
“এর জন্য একটি বিশেষ টহল দল দর্শনা রেল স্টেশন এলাকায় অবস্থান নেয়। একজন সন্দেহভাজন ব্যক্তি দর্শনা রেলস্টেশন অতিক্রম করে সীমান্তের দিকে যেতে দেখলে আটক করে বিজিবি।
“তল্লাশি করে তার প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় রাখা পাঁচটি সোনার বার ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার ওজন ৫৮৩ দশমিক ২০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৪৮ লাখ ৫০ হাজার টাকা।”
সেলিমের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
