১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, বোমায় যুবক নিহত

বোমার আঘাতে জিয়ারুল ইসলামের পিঠে গুরুতর জখম হয় বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 08:55 PM

Updated : 23 Apr 2023, 08:55 PM

চাঁপাইনবাবগঞ্জ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষের মধ্যে বোমার আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামে রোববার বিকালে এ হানাহানির ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

নিহত জিয়ারুল ইসলাম (৩৮) চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিম উদ্দীনের ছেলে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

“বোমার আঘাতে জিয়ারুল ইসলামের পিঠে গুরুতর জখম হয়।”

ওসি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।