বন্যার তাণ্ডব পাহাড়ের কৃষিতে, ৩৮৩ কোটি টাকার ক্ষতি
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বান্দরবান জেলায়।
পার্বত্য তিন জেলায় ১০ দিনের বন্যায় কৃষির বড় ধরনের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বান্দরবান জেলায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি অঞ্চলের কার্যালয় থেকে জানা গেছে, তিন পার্বত্য জেলায় অন্তত ৩৮৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ, আমন, রোপা আমন আর আমন বীজতলার। সেইসঙ্গে ক্ষতি হয়েছে মৌসুমী ফল এবং আদা, হলুদ, পেঁপে, কলাসহ সবজি বাগানেরও।
৩ অগাস্ট থেকে শুরু হওয়া বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ১৩ অগাস্ট পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রতিবেদনে পাহাড়ের কৃষির এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
পুরো বিষয়টিকে ‘বড় ধরনের ক্ষতি’ স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন জেলার দায়িত্বে থাকা রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল বলেন, “বন্যায় বেশ বড় ক্ষতিই হল পাহাড়ের কৃষিতে। এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিনই। তবে আমরা জরুরি ভিত্তিতে বীজের চাহিদার কথা জানিয়েছি এবং দেরিতে লাগানো যায় এমন প্রজাতির বীজের বিষয়টিই মাথায় রেখেই প্রস্তাবনা দিয়েছি।
“আশা করছি, দ্রুত পদক্ষেপের মধ্য দিয়ে ক্ষতি পুষিয়ে আনা যাবে।”
প্রতিবেদন অনুযায়ী, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের প্রায় প্রতিটি উপজেলাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যেও রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি এবং বিলাইছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, সদর ও রোয়াংছড়ি এবং খাগড়াছড়ির দীঘিনালা, সদর, মহালছড়ি ও রামগড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
রাঙামাটি জেলায় মোট এ বছর আবাদ হওয়া মোট কৃষিজ জমি ছিল ৫৯ হাজার ৮৩৫ হেক্টর। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৬২৮ হেক্টর জমির ফসল। এই জেলায় মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৬১ কোটি ৩৩ লাখ টাকা। রাঙামাটিতে ১৮ হাজার ৮৪৪ মেট্রিন টন শস্য নষ্ট হয়েছে বন্যার পানিতে। এখানে প্রায় ১২ হাজার ১৬০ জন কৃষক কমবেশি ক্ষতির শিকার হয়েছেন।
খাগড়াছড়িতে চাষ হওয়া ৩২ হাজার ৭৯২ হেক্টর জমির মধ্যে আক্রান্ত হয়েছে ১৩৪৪ হেক্টর জমি। আর্থিক ক্ষতির হিসাবে যা প্রায় ১১ কোটি। এই জেলায় ৩ হাজার ৮৭৮ মেট্রিক টন শস্য নষ্ট হয়েছে। খাগড়াছড়ির ২ হাজার ৮৪০ জন কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বান্দরবান জেলায়। এই জেলায় আবাদ হওয়া ২০ হাজার ৪২৪ হেক্টর জমির মধ্যে ৯ হাজার ৮৫৫ হেক্টর জমির ফসলই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ফসলের প্রায় ৪৩ শতাংশ। মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩১০ কোটি ৭৩ লাখ টাকা। এই জেলায় ৫৬ হাজার ২৫০ জন কৃষকের ৮৮ হাজার ৪৫০ মেট্রিক টন শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সব মিলিয়ে তিন পার্বত্য জেলায় প্রায় ৩৮৩ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ প্রায় ১ লাখ ১১ হাজার ১৭৩ মেট্রিন টন।
বাঘাইছড়ির তরুণ সাংবাদিক মাহমুদুল হাসানের প্রায় এক একর জমির আমন ধান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাড়ির আশপাশের বিভিন্ন গাছপালা মারা গেছে।
তিনি বলেন, “এই ক্ষতি কাটিয়ে উঠতে আমার অনেক কষ্ট হবে। টানা তিনদিন পানি পুরোই আটকে ছিল এবং পানির সঙ্গে বিপুল পরিমাণের পলিমাটির কারণেই ধান নষ্ট হয়েছে। শুধু আমারই নয়, বাঘাইছড়ির কমবেশি সবাই শেষ হয়ে গেছে এই বন্যায়!”
বাঘাইছড়ির উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, “আমাদের এখানে ধান চাষ বেশি হয়। আমন, আউশ ও সবজি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমার চাকরির বয়স ১৯ বছর। এই দীর্ঘ সময়ে আরো বড় বন্যাও হয়েছে। কিন্তু এমন ফসলের ভরা মৌসুমে কখনই বন্যা হয়নি।
“এবার ফসলের একেবারে ভরা মৌসুমের এই বন্যায় উপজেলার কৃষকরা পুরোই ধ্বংস হয়ে গেছে। বিশেষত আউশ, আমন ও সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি।”
